নরসিংদীর মনোহরদী উপজেলায় বজ্রপাতে রহমত আলী (৬৫) নামে এক সাবেক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার চন্দনপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রহমত আলী মনোহরদী বাজারের সুপরিচিত সাবেক পান ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির পাশের জমিতে গোখাদ্যের জন্য শুকাতে দেওয়া ধানের খড় গুছিয়ে ঘরে তুলছিলেন রহমত আলী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।