ঝিনাইদহের মহেশপুরে ফুপুর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ভাতিজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া পুরো টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম (৫০) একটি এনজিও থেকে ঋণ নিয়ে চুয়াডাঙ্গার জীবননগরের একটি ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করেন। পরে ভাতিজা লিটন শেখের মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মহেশপুরের দত্তনগর-জলিলপুর সড়কে ছিনতাইয়ের শিকার হন।
ঘটনার পর মহেশপুর থানা পুলিশ অভিযান শুরু করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি মোটরসাইকেল শনাক্ত করে। পরে ওই সূত্র ধরে আমিনুর রহমান খান (২৪) নামে এক যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুর ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ৬ লাখ টাকা উদ্ধার করে এবং ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করে।
তদন্তে পুলিশের কাছে উঠে আসে, সেলিনা বেগমের ভাতিজা লিটন শেখই পুরো ঘটনার পরিকল্পনাকারী। পরিকল্পনা অনুযায়ী কয়েকজন মিলে মোটরসাইকেলে তাদের অনুসরণ করে এবং সুযোগ বুঝে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— লিটন শেখ (৪০), আমিনুর রহমান খান (২৪) ও মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস (৪৭)। তবে ঘটনায় জড়িত আরও একজন এখনো পলাতক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মহেশপুর থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।