শ্রীপুরে স্বাস্থ্যবিধি তদারকিতে প্রশাসনের অভিযান: অনিয়মে জরিমানা তিন প্রতিষ্ঠানে

মো. সাজ্জাদ হোসেন:
প্রকাশ: ২ ঘন্টা আগে


মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার রাধানগর ও সাচিলাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেল মিল, মুদিদোকান, মিষ্টির কারখানাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, স্বাস্থ্যবিধি না মানা, অননুমোদিত রঙ ব্যবহার, ফ্রিজে অনিরাপদভাবে খাবার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে সাচিলাপুর বাজারের একটি মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া যথাযথ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে রাধানগর বাজারের দুটি তেল মিলকে পৃথকভাবে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নকল, ভেজাল বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্য এবং স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

error: Content is protected !!