ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

আনিসুর রহমান:
প্রকাশ: ৭ minutes ago

টঙ্গী—টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর থেকে ছেলে এবং বাড়ির পাশের রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন সোহেল হোসেন (৫০) ও তার ছেলে সাকিব হোসেন (১৮)।

পুলিশ জানায়, সাকিবকে নিজ ঘর থেকে এবং সোহেল হোসেনকে বাড়ির পাশের রেললাইন এলাকা থেকে উদ্ধার করা হয়। সাকিব রাজধানীর উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সাকিবের মরদেহ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সোহেল হোসেনের মরদেহ রেললাইনের পাশে পাওয়া গেছে, তার শরীরেও আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত সোহেলের বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল হোসেন মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে দুই ছেলেকে নিয়ে বসবাস করছিলেন। তার স্ত্রী কয়েক বছর আগে মারা যান। বড় ছেলে সোহান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার সময় তিনি পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

error: Content is protected !!