নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অতিথি রাণী দাস (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে) রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুবনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত অতিথি রাণী দাস ওই এলাকার গোপাল চন্দ্র জল দাসের মেয়ে এবং স্থানীয় চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়িতে ব্যবহৃত মোবাইল ফোন বৈদ্যুতিক সকেটে চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন অতিথি রাণী। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।
চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কিশোরীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।