গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, নলডাঙ্গায় তেল মজুতকারী আটক

দেশ এডিশন | নাটোর প্রতিনিধি: সিরাজুল ইসলাম:
প্রকাশ: ৬ দিন আগে

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে সাকিবুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। জরিমানার টাকা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল এমরান খাঁনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। তিনি রাজশাহীর পুঠিয়া থানার কৃষ্ণবাঠি গ্রামের সাইদুর রহমানের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নলডাঙ্গা প্রোপান ফিলিং স্টেশনের পাশে অবৈধভাবে তেল মজুত করা হচ্ছে। পরে প্রশাসন অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৮টি কন্টেইনার ভর্তি তেলসহ সাকিবুল ইসলামকে হাতেনাতে আটক করে। পরে ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৩ ধারায় তাকে এই দণ্ড দেওয়া হয় এবং তেলসহ তাকে নলডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে তেলের সংকটের কারণে নলডাঙ্গায় ডিজেল ও পেট্রোল নিতে সাধারণ কৃষক ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। এতে নাটোর-নওগাঁ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোর থেকেই কৃষকরা সেচ মেশিন ও তেলের কন্টেইনার নিয়ে এবং মোটরসাইকেল চালকরা তাদের যানবাহন নিয়ে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন।

মোঃ সাইদুল ইসলাম নামে একটি কীটনাশক কোম্পানির প্রতিনিধি জানান, তিনি ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখনও তেল পাননি। তিনি বলেন, তাদের প্রতিদিন মাঠে কাজ করতে হয়, কিন্তু যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে তা দুই দিনের জন্যও যথেষ্ট নয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খাঁন জানান, কৃষকদের জন্য পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম চলছে। শুধুমাত্র বৈধ কাগজপত্র যাচাই করে মোটরসাইকেলে পেট্রোল দেওয়া হচ্ছে এবং সেচ মেশিন যাচাই করে ডিজেল দেওয়া হচ্ছে। কোনো জারকিনে তেল দেওয়া হচ্ছে না বলেও তিনি জানান।

উল্লেখ্য, উপজেলা আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী কৃষকদের জন্য ৮ হাজার ৫০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে নলডাঙ্গা বাজারের নাছির উদ্দিন ৪ হাজার লিটার ডিজেল পেয়েছেন এবং নলডাঙ্গা প্রোপান ফিলিং স্টেশন পেয়েছে ১ হাজার ৫০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল।

প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

error: Content is protected !!