গ্যাস সরবরাহ ফেরায় উৎপাদনে ফিরেছে কাফকো, প্রস্তুত ডিএপিএফসিএল

‎রুপন দত্ত | আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) আবারও উৎপাদন কার্যক্রম শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১ মে থেকে গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ায় ২ মে থেকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে কাফকোতে প্রতিদিন প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হচ্ছে। গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল।

এদিকে কাফকো থেকে অ্যামোনিয়া সরবরাহ শুরু হওয়ায় ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) আবারও উৎপাদনে ফেরার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পর্যাপ্ত অ্যামোনিয়া মজুত করা গেলে আগামী শনিবার থেকে উৎপাদন কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

এর আগে কাফকো ও চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদনও স্থগিত করা হয়।

অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিইউএফএল এখনো উৎপাদনে ফিরতে পারেনি। গ্যাস সংকটের কারণে গত মার্চ মাস থেকে কারখানাটির কার্যক্রম বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত হলেই দ্রুত উৎপাদন শুরু করা সম্ভব হবে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, বর্তমানে কাফকোতে দৈনিক ৩০ থেকে ৩২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে সিইউএফএলে কবে নাগাদ গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।

error: Content is protected !!