পাবনার চাটমোহর উপজেলায় অনুমোদনহীনভাবে দুধজাত পণ্য তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বিভিন্ন উপকরণ জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। এনএসআই পাবনার সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে দুধজাত পণ্য তৈরি করা হচ্ছিল— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১২ ড্রাম জেলি সদৃশ পদার্থ, তেলজাতীয় তরল এবং প্রস্তুতকৃত দুধজাত পণ্য উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি আব্দুল আজিজ অভিযুক্ত আব্দুল মোমেনের বাবা বলে জানা গেছে। আব্দুল মোমেন স্থানীয়ভাবে কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
এ ঘটনায় আব্দুল মোমেন, তার স্ত্রী ও বাবাসহ মোট ছয়জনের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
অভিযানে এনএসআই পাবনার যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল, উপপরিচালক এ বি এম লুৎফুল কবীর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।