মাথায় তেল দিলে কারও আরাম, কারও গরম লাগে কেন

আজমিরা খানম:
প্রকাশ: ৫০ minutes ago


চুলে তেল ব্যবহার করলে কেউ আরাম অনুভব করেন, আবার কারও কাছে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, মাথার ত্বকের ধরন, চুলের প্রকৃতি, তেলের ধরন এবং ব্যবহারের সময়ের ওপর নির্ভর করে এই অনুভূতির পার্থক্য তৈরি হয়।

চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, যাদের মাথার ত্বক শুষ্ক এবং চুল রুক্ষ ধরনের, তাদের জন্য তেল ব্যবহার উপকারী হতে পারে। বিশেষ করে গরমের সময় শুষ্কতা বেড়ে গেলে তেল মাথার ত্বক ও চুলের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। এতে স্বস্তি ও কোমলতা বজায় থাকে।

অন্যদিকে যাদের মাথার ত্বক তুলনামূলক তৈলাক্ত, তাদের ক্ষেত্রে অতিরিক্ত তেল ব্যবহার অস্বস্তির কারণ হতে পারে। গরমের সময় তেল ব্যবহার করলে ঘাম ও চিটচিটে ভাব বাড়তে পারে বলে জানান বিশেষজ্ঞরা।

তেলের ধরন নির্বাচনেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হালকা ধরনের তেল যেমন নারকেল, কাঠবাদাম বা জোজোবা তেল তুলনামূলক আরামদায়ক হতে পারে। ভারী ও অতিরিক্ত আঠালো তেল ব্যবহারে অস্বস্তি বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, তেল ব্যবহারের সময়ও গুরুত্বপূর্ণ। কড়া রোদ বা অতিরিক্ত গরমের সময় তেল ব্যবহার না করে সকাল, বিকেল বা রাতে ব্যবহার করলে স্বস্তি পাওয়া যেতে পারে। তেল ব্যবহারের কিছু সময় পর পরিষ্কারভাবে ধুয়ে ফেলাও জরুরি।

এ ছাড়া মাথায় তেল মালিশের সময় ধীরে ও নরমভাবে মালিশ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এতে মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ে এবং স্বস্তি অনুভূত হয়। প্রয়োজন অনুযায়ী সীমিত পরিমাণ তেল ব্যবহার এবং বিকল্প হিসেবে কন্ডিশনার বা সিরাম ব্যবহারের কথাও জানিয়েছেন তারা।

error: Content is protected !!