দেশের বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক ঘোষিত ছাত্র সংগঠনের কমিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করে কয়েকটি স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত শনিবার রাতে একযোগে বিভিন্ন জেলা, মহানগর এবং শিক্ষাপ্রতিষ্ঠনে নতুন কমিটি ঘোষণা করা হয়। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কিছু নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করেন। কয়েকটি স্থানে পরদিন থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
রাঙামাটিতে পুলিশ-সেনাবাহিনীর লাঠিচার্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাঙামাটিতে গতকাল নবনির্বাচিত কমিটি ও পদবঞ্চিত পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন । প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘ আট বছর পর রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরদিন রোববার সকাল থেকেই কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা শহরের দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। তবে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কমিটি বাতিল; জেলা বিএনপির নেতৃবৃন্দ ও পার্বত্য মন্ত্রীর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন নেতাকর্মীরা। গতকাল দুপুর থেকে আবারও পদবঞ্চিত সভাপতি প্রার্থী ফজলুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল শাকুর জাবেদের অনুসারী নেতাকর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেন। অন্যদিকে পৌরসভা প্রাঙ্গণ থেকে নবনির্বাচিত সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির অনুসারীরা আনন্দ মিছিল বের করার চেষ্টা করলে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ-সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ নেতাকর্মী আহত হন। শহরের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন ১৪৪ ধারা জারি করেন। এতে রাঙামাটি শহরের পৌরসভা, কাঁঠালতলী, বনরূপা ও আশপাশ এলাকায় অনির্দিষ্টকাল ১৪৪ ধারা জারি থাকবে। নোয়াখালীতে কমিটির ১৮ জন বিবাহিত সদ্য ঘোষিত নোয়াখালী জেলা ও পৌর ছাত্রদলের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর ও সমাবেশ করেছেন সংগঠনের বঞ্চিত নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২টার দিকে শহরের সোনাপুর-বেগমগঞ্জ চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী টাউন হল মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় চার লেন সড়কের উভয় পাশে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নোয়াখালী প্রেস ক্লাব গিয়ে সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। তারা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনকে নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করেন। তাদের অভিযোগ, নাছির তাঁর অনুগতদের যোগ্যতা ছাড়াই দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করেছেন। কমিটির ১৮ জন বিবাহিত। ময়মনসিংহ মেডিকেল কলেজ কমিটিতে ছাত্রলীগ ময়মনসিংহ মেডিকেল কলেজের ২২ সদস্যের কমিটিতে ৮ জন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী সাবেক নেতা রয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতে দুঃসময়ের ত্যাগী কর্মীদের পদ না দেওয়া হলেও ছাত্রলীগের নেতাদের পদ দেওয়া হয়েছে। এ ছাড়া দীর্ঘ দুই বছর পর ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের স্থান হয়নি দাবি করে রোববার রাতে শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। একই অভিযোগে সোমবার সন্ধ্যায় বরিশাল নগরীর আমতলার মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট মহল জানিয়েছে, সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, বিভিন্ন স্থানে অসন্তোষের বিষয়টি সংগঠনের অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন অনেকে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলো।