জনগণকে নিয়ে আন্দোলনের ঘোষণা বিরোধীদলের

প্রকাশ: ২ মাস আগে

জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনের পথে হাঁটার ঘোষণা দিয়েছে বিরোধীদল। এ বিষয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে দাবি আদায় সম্ভব না হওয়ায় তারা জনগণের কাছেই ফিরে যাবেন।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোট ইস্যুতে সরকারের অবস্থানে তারা হতাশ হয়েছেন। তিনি অভিযোগ করেন, জনগণের দেওয়া রায়কে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। জনগণের ম্যান্ডেট অগ্রাহ্য করার প্রতিবাদেই বিরোধীদল সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে।

তিনি বলেন, “প্রথমে সরকারি দল ও বিরোধীদল উভয়ই গণভোটের বিষয়ে একমত ছিল। কিন্তু পরবর্তীতে জনগণের চূড়ান্ত মতামত উপেক্ষা করা হয়েছে। জনগণের সম্মানের প্রশ্নে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি।”

তিনি আরও বলেন, জনগণের রায় বাস্তবায়ন না হওয়ায় বিরোধীদল এখন সরাসরি জনগণের কাছে যাবে এবং তাদের সম্পৃক্ত করেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে।

জামায়াতের আমির জানান, গণভোট বাস্তবায়নের দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও ১১ দল সক্রিয় থাকবে। এ বিষয়ে শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি আদায়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি দেবো। আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের দাবি আদায়ের চেষ্টা করবো।”

দেশ এডিশন/রাজনীতি/২০২৬

error: Content is protected !!