ঢাকা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কুষ্টিয়ার মেহেদী হাসান জুয়েল

সাকিব হোসেন কুষ্টিয়া (কুমারখালী) প্রতিনিধি:
প্রকাশ: ১ ঘন্টা আগে

ঢাকা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার কৃতি সন্তান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান জুয়েল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হন।

মেহেদী হাসান জুয়েল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের বাসিন্দা এবং ইউনূস মালিথার কনিষ্ঠ সন্তান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় যুবদলের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। রাজনৈতিক নানা প্রতিকূলতায় দলের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক দক্ষতা এবং আইন পেশায় ধারাবাহিক সফলতার কারণে তিনি সহকর্মীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

সহকর্মী ও ঘনিষ্ঠজনরা জানান, রাজধানীর আদালতপাড়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সভা-সমাবেশে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মেহেদী হাসান জুয়েল। পেশাজীবী সংগঠনের এই নির্বাচনে তার বিজয়ে সহকর্মী ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মেহেদী হাসান জুয়েল বলেন, আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। পাশাপাশি ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের পেশাগত অধিকার নিশ্চিত করা এবং সংগঠনের মানোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, দীর্ঘদিনের রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের বিচার ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি নিজ জেলা কুষ্টিয়ার মানুষের কল্যাণেও কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

এদিকে একই নির্বাচনে সমিতির সভাপতি পদে মোঃ আনোয়ার জাহিদ ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান নির্বাচিত হয়েছেন। ২৩ সদস্যের এই কমিটি আগামী দিনে আইনজীবীদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

error: Content is protected !!