তাপমাত্রা কম হলেও গরমে বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে


তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দিনভর ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি দেখা যায়। দুপুরের পর ঢাকার আকাশে মেঘ জমলেও সামান্য বৃষ্টিতে তাপমাত্রার প্রভাব খুব বেশি কমেনি।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, বর্তমানে রংপুর বিভাগ ছাড়া দেশের বেশিরভাগ এলাকাতেই বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বরিশাল বিভাগের পটুয়াখালী এবং খুলনা বিভাগের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। পাশাপাশি আর্দ্রতা বৃদ্ধির কারণে ভ্যাপসা আবহাওয়া আরও তীব্র অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও আর্দ্রতার তারতম্যের কারণে আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা দিচ্ছে। এ সময় বাইরে বের হলে পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজন ছাড়া রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

error: Content is protected !!