ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের পৃথক বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য উত্তেজনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১০ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাজার ও বাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। জারিকৃত আদেশ অনুযায়ী, এ সময়ের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র—যেমন দা, হাঁসুয়া, লাঠিসোঁটা বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবদল নেতা রিয়াদ আহামেদের ওপর হামলার প্রতিবাদে বিকেল ৩টায় তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলপন্থী একটি গ্রুপ।
অন্যদিকে, একই সময় ও স্থানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারপন্থী আরেকটি পক্ষও পৃথক কর্মসূচি ঘোষণা করে। ফলে দুই পক্ষের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুর থেকেই তারাকান্দার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, একই স্থানে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।