তারাগঞ্জে পরিবেশ সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মে) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘এইচবিএল-২’ নামের ইটভাটাটি এস্কেভেটর (ভেকু) দিয়ে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপনা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ (সংশোধিত)-এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে ভাটাটি দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল।
অভিযান চলাকালে ভাটার মালিকপক্ষ বৈধ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এর প্রেক্ষিতে ভাটাটি উচ্ছেদ করা হয়। তবে এ অভিযানে তাৎক্ষণিক কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি।

জানা গেছে, একই মালিকানাধীন ‘এইচবিএল-১’ নামের আরেকটি ইটভাটা গত বছরের ৪ মার্চ উচ্ছেদ করে জরিমানা করা হয়েছিল। এছাড়া এর আগে ‘এইচবিএল-২’ ভাটার আগুন নিভিয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল প্রশাসন।
রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত যৌথ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় অংশ নেয় র‍্যাব-১৩, লাইন পুলিশ ও তারাগঞ্জ থানা পুলিশ।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম। তিনি বলেন, “উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, তারাগঞ্জ উপজেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও ধারাবাহিকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!