তেল সাশ্রয়ে কঠোর হচ্ছে সরকার, জারি নতুন নিয়ম

দেশ এডিশন অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৪ দিন আগে

দেশে জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা এবং প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের ব্যবহার কমানোর পাশাপাশি সরকারি কার্যক্রম যেন নির্বিঘ্ন ও কার্যকরভাবে পরিচালিত হয়, তা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে অধিকাংশ সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

এছাড়া একান্ত প্রয়োজন ছাড়া সরাসরি (সশরীরে) সভা আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যানবাহনের ব্যবহার কমে এবং জ্বালানি সাশ্রয় করা সম্ভব হয়।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

error: Content is protected !!