তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিতে রাষ্ট্র ও সমাজব্যবস্থার সংস্কার জরুরি। তিনি বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করতে হবে। দেশের ইতিহাসে যেমন গৌরব রয়েছে, তেমনি বিভিন্ন সংকট ও দুরবস্থার অভিজ্ঞতাও জাতিকে আরও সচেতন ও প্রজ্ঞাবান করেছে।
শনিবার সকালে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানবকল্যাণের উদ্দেশ্যে করা কাজ ও ব্যক্তিগত সম্পদ অর্জনের লক্ষ্য এক নয়। শিল্প-সাহিত্য ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের এই পার্থক্য অনুধাবন করে দায়িত্বশীলভাবে কাজ করা প্রয়োজন।
সমাজ পরিবর্তনের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র আন্দোলনের পাশাপাশি সমাজ গঠনের দিকেও গুরুত্ব দিতে হবে। তবে কোনো গোষ্ঠীকেন্দ্রিক আদর্শের পরিবর্তে মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া উচিত। তার মতে, গোষ্ঠীগত স্বার্থ অনেক সময় সৃজনশীলতাকে প্রভাবিত করে এবং মুক্তবুদ্ধির চর্চাকে সীমিত করে ফেলে।