নগরকান্দায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

মোঃ শাহাদাৎ হোসেন :
প্রকাশ: ২ ঘন্টা আগে

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল রেসিলিয়েন্স ইন প্রোগ্রাম পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় নগরকান্দা উপজেলা পরিষদের হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই বিশেষ পর্যালোচনা ও সমন্বয় সভাটি আয়োজিত হয়।

উক্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি নিজের হাতে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করে পরিবেশ সুরক্ষার এই কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় স্থানীয় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিভিন্ন উন্নত জাতের গাছের চারা এবং চাল বিতরণ করা হয়। একই সাথে প্রান্তিক কৃষকদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চফলনশীল ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ ছাড়া সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে সরকারি তহবিল থেকে প্রতিটি পরিবারকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেন প্রধান অতিথি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সরকার সবসময় হতদরিদ্র, বন্যা কবলিত সাধারণ মানুষ, প্রতিবন্ধী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং অসহায় কৃষকদের পাশে রয়েছে। এই গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে আমি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে সার্বক্ষণিক আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো, ইনশাল্লাহ।”

বক্তব্যের একপর্যায়ে শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, এলাকাকে সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত, দখলবাজিমুক্ত, ইভটিজিংমুক্ত, মাদকমুক্ত এবং বিশেষ করে অনলাইন জুয়ামুক্ত রাখতে হবে। এসব সামাজিক ব্যাধি দূরীকরণে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য তিনি উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি সুনির্দিষ্ট পরামর্শ দেন। একই সাথে রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশনা দিয়ে তিনি বলেন, কোনো প্রকার বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। রাষ্ট্রের কিংবা সাধারণ জনগণের ক্ষতি হয়—এমন কোনো অপকর্মের সাথে কেউ জড়িত হলে কোনো ছাড় দেওয়া হবে না।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রেজওয়ান আরফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি অত্যন্ত চমৎকারভাবে পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি জনাব মো: শওকত আলী শরীফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ কারিগরি বক্তব্য রাখেন খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জনাব মোঃ শাহাদুজ্জামান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইফুর রহমান (মুকুল)। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা তদারকিতে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: রাসুল সামদানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। পরিশেষে, সভাপতি তাঁর ধন্যবাদ ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।

error: Content is protected !!