ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনিক হলরুমে এ সভার আয়োজন করে জেলা পুলিশ, ফরিদপুর।
সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. রাসুল সামদানী আজাদ এবং সঞ্চালনা করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান।
সভায় বক্তারা মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মিজ শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছরে কৃষকদের ভাগ্য উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। খাল ও নদী-নালা খননের অভাবে দেশের জলাধারগুলো শুকিয়ে যাচ্ছে, যা কৃষির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন—যেমন রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণেও গুরুত্ব দেওয়া হবে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও অনলাইন জুয়ার মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।
শেষে সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।