ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের একটি নৌকা ঘাটে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকায় বসা নিয়ে বিরোধের জেরে হানিফ মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে নবীনগর বাজারের মনুবাবুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের বাসিন্দা এবং মৃত হারিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নৌকায় বসা নিয়ে মোহল্লা গ্রামের এলেম খা’র সঙ্গে হানিফ মিয়ার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে হানিফ মিয়া অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অংকন রায় জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।