নারী এমপিদের মাঠপর্যায়ে সক্রিয় হতে নির্দেশনা প্রধানমন্ত্রীর

দেশ এডিশন প্রতিবেদক:
প্রকাশ: ১৬ ঘন্টা আগে


সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে আরও সক্রিয় ও তথ্যভিত্তিক ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি স্থানীয় উন্নয়ন কার্যক্রমে নির্বাচিত এমপিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সংসদে কার্যকর অংশগ্রহণ, তথ্যনির্ভর বক্তব্য এবং মাঠপর্যায়ের নারীদের সমস্যা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নতুন নারী এমপিদের সংসদীয় কার্যপ্রণালি সম্পর্কে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের কথাও জানানো হয়েছে।

সভায় অংশ নেওয়া সূত্রগুলো জানিয়েছে, নারী এমপিদের নিজ নিজ এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকা এলাকাগুলোর উন্নয়ন কার্যক্রম তদারকিতেও গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রী সভায় বলেন, সংসদে শুধু উপস্থিত থাকাই যথেষ্ট নয়; বরং জনগণের প্রত্যাশা ও বিশেষ করে নারীদের অধিকার ও বঞ্চনার বিষয়গুলো দায়িত্বশীলভাবে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে ধারণা রেখে তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নারী এমপিদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

সভায় অংশ নেওয়া নারী এমপিরা সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্তিসহ বিভিন্ন সাংগঠনিক ও এলাকার বিষয় তুলে ধরেন। এ সময় তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী এবং ধৈর্য ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

error: Content is protected !!