পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সোমবার (১ জুন) বেলা ১১টায় জানাজা শেষে স্থানীয় কেকুপাড়া কবরস্থানে ভাই-বোনকে পাশাপাশি কবরে দাফন করা হয়। নিহত আসিফ ও সাথী একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দরের সন্তান। তারা স্থানীয় একটি মক্তবের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটির বাবা মারা যাওয়ার পর তারা মা আছিয়া খাতুনের সঙ্গে বসবাস করছিল। জীবিকার তাগিদে আছিয়া খাতুন বিভিন্ন বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করেন। রোববার সকালে সন্তানদের বাড়িতে রেখে তিনি কাজে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে সন্তানদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন।
পরে রাতে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখতে পান। এরপর পুকুরে তল্লাশি চালিয়ে সাথী আক্তারের মরদেহও উদ্ধার করা হয়।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
স্থানীয়দের ধারণা, পুকুরপাড়ে থাকা একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে অসাবধানতাবশত শিশু দুটি পানিতে পড়ে যেতে পারে।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক বলেন, দুই শিশুর বাবা না থাকায় তাদের মা অনেক কষ্ট করে সন্তানদের লালন-পালন করছিলেন। কাজ থেকে ফিরে সন্তানদের না পেয়ে তিনি গভীরভাবে মর্মাহত হন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।