বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সুনির্দিষ্ট ফাইল প্রকাশের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রীর আনা অভিযোগের বিষয়ে স্পষ্টতা থাকা প্রয়োজন। তিনি দাবি করেন, কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট ফাইল জনগণের সামনে প্রকাশ করা উচিত, কারণ জনগণের তা জানার অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, কোনো সচিব বিদেশে বা অন্য কারণে অনুপস্থিত থাকলে প্রশাসনিক নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করতে পারেন এবং সেটি মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদনের মাধ্যমেই হয়ে থাকে।
এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদনের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন প্রকল্পসমূহের কার্যক্রম তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
পিরোজপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কিছু প্রকল্পে কাজের অগ্রগতি ছাড়াই অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে। এসব প্রকল্প পরিদর্শন করে কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।