দেশীয় পাট শিল্পকে উৎসাহিত করা এবং পরিবেশবান্ধব উদ্যোগ জোরদার করতে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাত দিয়ে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার—এই তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সরকার জানিয়েছে, এটি একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে শুরু হবে। আগামী জুলাই মাস থেকে নির্বাচিত বিদ্যালয়গুলোতে কার্যক্রম চালু করা হবে। সংশ্লিষ্ট বিদ্যালয় নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনা হবে।
সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পরিবেশ দূষণ কমানো এবং দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের প্রসার ঘটাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।