ফেনী জেলা ছাত্রদলের কমিটি গঠনের প্রায় আট বছর পেরিয়ে গেলেও এখনো নতুন কমিটি ঘোষণা হয়নি বলে অভিযোগ উঠেছে। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ সময় ধরে একই নেতৃত্ব বহাল থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী জেলা ছাত্রদলের আংশিক কমিটি ২০১৮ সালের ১২ জুলাই ঘোষণা করা হয়। পরে একই বছরের ২২ অক্টোবর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময় পরপর সম্মেলন ও নতুন কমিটি গঠনের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি নেতাকর্মীদের একাংশের।
অভিযোগ রয়েছে, বর্তমান কমিটির অনেক নেতাই বিবাহিত এবং কেউ কেউ ইতোমধ্যে পেশাগত বা পারিবারিক জীবনে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের সন্তানদের কেউ স্কুল কিংবা মাদরাসায় অধ্যয়ন করছে বলেও স্থানীয় নেতাকর্মীদের দাবি। এ কারণে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করছেন তৃণমূলের অনেকে।
সংগঠনের একাধিক সূত্রের ভাষ্য, দীর্ঘদিন কমিটি পুনর্গঠন না হওয়ায় ছাত্র রাজনীতিতে নতুন নেতৃত্ব বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। অনেক পদধারী নেতা বর্তমানে আইন পেশা, ব্যবসা, প্রবাস জীবন কিংবা অন্যান্য পেশায় যুক্ত রয়েছেন বলেও জানা গেছে।
এদিকে সদর উপজেলা ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়ার পর দীর্ঘ সময়েও নতুন কমিটি গঠন হয়নি বলে অভিযোগ রয়েছে। পৌর কমিটির ক্ষেত্রেও তৃণমূল পর্যায়ে কাঙ্ক্ষিত সাংগঠনিক কার্যক্রম দৃশ্যমান নয় বলে দাবি স্থানীয় নেতাকর্মীদের।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র সংগঠনগুলোতে নিয়মিত নেতৃত্ব পরিবর্তন ও সাংগঠনিক সক্রিয়তা বজায় রাখা না গেলে ভবিষ্যতে নেতৃত্ব সংকট তৈরি হতে পারে।