বগুড়া সিটি করপোরেশনসহ নতুন ৫ উপজেলা অনুমোদন

স্টাফ রিপোর্টার:'
প্রকাশ: ২ দিন আগে

দেশের বিভিন্ন এলাকায় প্রশাসনিক সেবা আরও সহজ ও কার্যকর করতে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে চার জেলার পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২০তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে পৃথক করে ‘মোকামতলা’ উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে ‘মাতামুহুরী’ উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলা বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

সভায় জানানো হয়, নতুন সিটি করপোরেশন ও উপজেলা গঠনের ফলে স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করাও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!