বাশারকে বিয়ে করার খবর অস্বীকার, যা বললেন ববি

দেশ এডিশন অনলাইন ডেস্ক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক সংবাদে নিজের নাম জড়ানোয় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। একই সঙ্গে বাশারকে বিয়ের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি। ববি দাবি করেছেন, তাকে নিয়ে প্রকাশিত ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ শিরোনামের খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে ববি বলেন, ‘শনিবার বিকেল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করেছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে ‘কোথাও কথিত স্ত্রী, কোথাও স্ত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।’

এসব সংবাদের সত্যতা সম্পূর্ণ নাকচ করে ববি আরও লেখেন, ‘বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের মূলধারার গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার সবসময় আস্থা রয়েছে।’

ভুল ও অসত্য খবর প্রকাশের অভিযোগ এনে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান এই অভিনেত্রী। তার ভাষায়, ‘আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আমি যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে ভক্ত ও সংবাদমাধ্যমের উদ্দেশ্যে ববি লেখেন, ’আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন ও ভালোবাসেন। আমি যদি বিয়ে নামের পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজে থেকেই সবার সামনে সুন্দরভাবে তুলে ধরব। লুকিয়ে কিছু করার মানসিকতা আমার নেই।’

উল্লেখ্য, সম্প্রতি ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তারের খবর প্রকাশের পর কয়েকটি অনলাইন ও গণমাধ্যমে তার সঙ্গে চিত্রনায়িকা ববির সম্পর্ক নিয়ে বিভিন্ন চটকদার শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরে বিষয়টি পরিষ্কার করলেন এই চিত্রনায়িকা।

error: Content is protected !!