বিআরটিএর সহায়তায় চট্টগ্রামে ৭২ পরিবার পেল আর্থিক সহায়তা

কামরুল ইসলাম, চট্টগ্রাম:
প্রকাশ: ৪৯ minutes ago

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে মোট ৩ কোটি ১২ লক্ষ টাকার চেক প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (৫ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর নতুনপাড়াস্থ বিআরটিএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৭২টি পরিবারের হাতে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়।

বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন।
বিআরটিএ সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ২ কোটি ৭০ লাখ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া আহত ১৮টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে আরও ৪২ লাখ টাকা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অনেক পরিবার মানবেতর পরিস্থিতিতে পড়ে। এ ধরনের রাষ্ট্রীয় সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক সংকট মোকাবিলা ও জীবন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারী ও সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হতে হবে। সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমেই দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

error: Content is protected !!