বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে পাম অয়েলের দাম!

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ৪৮ minutes ago

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা নতুন মোড় নেওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। ইরানে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক বিমান হামলা এবং দেশটির তেল বিক্রির ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্বজুড়ে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় কমোডিটি পণ্যের বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে।

এই আকস্মিক সামরিক পদক্ষেপের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের সরবরাহ পথ আবারও ঝুঁকিতে পড়ার আশঙ্কায় বিশ্বজুড়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

তেলের এই আকস্মিক মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে ভোজ্যতেলের বাজারেও। মালয়েশিয়ার বুর্সা ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম তেলের দাম এক লাফে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। জ্বালানি তেলের দাম বাড়লে পাম তেল থেকে উৎপাদিত বায়োডিজেলের চাহিদা বৃদ্ধি পায়, যা ভোজ্যতেলের বাজারকে আরও উস্কে দিয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় বিশ্ব শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে। এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারসহ বৈশ্বিক স্টক ইনডেক্সগুলো বড় ধরনের পয়েন্ট হারিয়েছে। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে বন্ড ও নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন, যার ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দামও ঊর্ধ্বমুখী।

বিশ্লেষকদের মতে, এই সামরিক উত্তেজনা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতি বা পণ্যের দাম বাড়ার চাপ তৈরি হতে পারে, যা উন্নয়নশীল দেশগুলোর আমদানি ব্যয়ের ওপর বড় ধরণের প্রভাব ফেলবে।

error: Content is protected !!