বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিক, সংবাদকর্মী ও গণমাধ্যমসংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়ে তাদের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সংবাদকর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলের ঐক্যবদ্ধ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিবৃতিতে নেতারা বলেন, একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তারা বলেন, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা ছাড়া আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করা কঠিন।
তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় অনেক সাংবাদিক হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। সত্য প্রকাশের পথে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যা স্বাধীন গণমাধ্যমের জন্য উদ্বেগজনক।
বিবৃতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং সম্মানজনক বেতন কাঠামো নির্ধারণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি চাকরির স্থিতিশীলতা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের বিষয়টিও গুরুত্ব পায়।
নেতারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে তারা সাংবাদিকদের পেশাগত নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি হবে যেখানে গণমাধ্যম নির্ভয়ে জনগণের কথা তুলে ধরতে পারবে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখবে।