দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় ক্লিয়ারেন্স দেওয়ায় চলতি এপ্রিলের শেষের দিকে এ কার্যক্রম শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। এটি দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ৭ এপ্রিল থেকে রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ১৪ মার্চ গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই জ্বালানি লোডিং দেশের পরমাণু বিদ্যুৎ কর্মসূচির একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।