যুক্তরাজ্যের লন্ডন বরো অব নিউহ্যাম কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন ফরহাদ হোসেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি বিজয় অর্জন করেন।
শুক্রবার (৯ মে) বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ মির্জার চেয়ে প্রায় পাঁচ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হন ফরহাদ হোসেন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৫৩৮ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ২০ হাজার ২৩৪ ভোট।
জয়লাভের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফরহাদ হোসেন বলেন, এই অর্জন পুরো কমিউনিটির জন্য গর্বের বিষয়। তিনি সকল সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন ফরহাদ হোসেন। স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা সমাধান ও কমিউনিটি উন্নয়নে কাজ করায় তিনি এলাকায় পরিচিতি অর্জন করেন।
নির্বাচনি প্রচারণায় স্থানীয় সেবা উন্নয়ন, কমিউনিটির সম্প্রীতি বজায় রাখা এবং তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়।
প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করছেন, ফরহাদ হোসেনের এ বিজয় যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মকে আরও উৎসাহিত করবে।