দেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে অধিকাংশ নিয়োগ এখন মেধার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, বর্তমানে এসব পদে মোট নিয়োগের ৯৩ শতাংশই মেধার ভিত্তিতে হচ্ছে, আর অবশিষ্ট ৭ শতাংশ কোটা পদ্ধতির আওতায় পূরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নূরুল ইসলামের উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান কাঠামোতে কোটা পদ্ধতি সীমিত রেখে অধিকাংশ নিয়োগ মেধার ভিত্তিতে দেওয়ার নীতি অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, যোগ্য ও প্রতিযোগিতামূলক প্রার্থীদের সুযোগ বাড়াতে নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।