সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন পাঁচ দশক পর

ইয়াছিন শরীফ অনিক, বিশেষ প্রতিনিধি:
প্রকাশ: ২ ঘন্টা আগে

নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রায় ৫৪ বছর আগে সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া এক জেলে বৃদ্ধ বয়সে হঠাৎ ফিরে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ভেবে যাকে পরিবার বহু আগেই হারিয়ে ফেলেছিল, সেই ছৈয়দ আহাম্মদ (৮৩) আবারও ফিরে পেয়েছেন নিজের বাড়ি ও স্বজনদের।

জানা গেছে, গত মঙ্গলবার (৫ মে) হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের ফজলি বাড়িতে ফিরে আসেন তিনি। এ ঘটনায় শুক্রবার (৮ মে) তার ছেলে মো. আকরাম হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ দশক আগে কুতুবদিয়া উপকূলে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হন ছৈয়দ আহাম্মদ। দীর্ঘদিন তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ধরে নেয় তিনি মারা গেছেন। সময়ের সঙ্গে স্বজনরাও স্বাভাবিক জীবনে ফিরে যান।

পরিবারের দাবি, দুর্ঘটনার পর কোনোভাবে তিনি ভারতে চলে যান এবং সেখানে দীর্ঘ সময় বিভিন্ন এলাকায় ও ধর্মীয় প্রতিষ্ঠানে অবস্থান করেন। সম্প্রতি ভারতের হাওড়া স্টেশন এলাকায় ছিনতাইয়ের শিকার হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে পাঠানো হয়।

বাড়িতে ফিরে নিজের পরিচয় দিলে প্রথমে অনেকে বিস্মিত হন। পরে আত্মীয়স্বজন ও স্থানীয় বয়োজ্যেষ্ঠরা তাকে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে ভিড় করেন উৎসুক স্থানীয়রা।

তবে দীর্ঘদিন পর ফিরে আসার এ ঘটনায় পরিবারে নতুন জটিলতাও তৈরি হয়েছে। ছেলে আকরামের অভিযোগ, কয়েকজন ব্যক্তি তার বাবাকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে পারিবারিক সম্পদ ও টাকাপয়সা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে আবেগঘন ও অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন। তাদের ভাষায়, হারিয়ে যাওয়া একজন মানুষ ৫৪ বছর পর জীবিত ফিরে আসা যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “বৃদ্ধের ছেলে থানায় লিখিতভাবে জানিয়েছেন, তার বাবা বর্তমানে চাচাতো ভাইদের কাছে রয়েছেন। সামাজিকভাবে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও বিষয়টি নিয়ে বিরোধ তৈরি হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

error: Content is protected !!