হারিয়ে যাচ্ছে আনোয়ারার ঐতিহাসিক জমিদার বাড়ি

রুপন দত্ত, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | দেশ এডিশন:
প্রকাশ: ১ ঘন্টা আগে

রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের অভাবে ধ্বংসের মুখে পড়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া গ্রামের ঐতিহাসিক জমিদার বাড়ি। এই জমিদারির মূল স্থপতি ও প্রভাবশালী ব্যক্তিত্ব রায় বাহাদুর যোগেশ চন্দ্র রায়ের স্মৃতিবিজড়িত সুরম্য দালান এবং স্থাপত্যশৈলীগুলো এখন কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে।

পরৈকোড়া জমিদার বংশের ইতিহাস ১৬শ শতকের দিকে শুরু হলেও, ১৮৩৪ সালের দিকে জমিদার যোগেশ চন্দ্র রায় এই জমিদারির প্রভূত উন্নতি সাধন করেন। তিনি এলাকায় অত্যন্ত দানশীল, জনদরদী ও শিল্পানুরাগী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তৎকালীন ব্রিটিশ সরকার তাঁর জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘রায় বাহাদুর’ উপাধিতে ভূষিত করেছিল।

জানা যায়, বৈদ্য বংশের এই প্রখ্যাত জমিদারির গোড়াপত্তন করেছিলেন তাঁর পূর্বপুরুষ দেওয়ান বৈদ্য নাথ। চট্টগ্রামের বিখ্যাত দেওয়ান বাজার, দেওয়ানজী পুকুর পাড় এবং দেওয়ান হাট আজও এই বংশের নামের ইতিহাস বহন করছে। লোকমুখে প্রচলিত আছে, ব্রিটিশ আমলে আনোয়ারা থানাটি প্রথমে এই পরৈকোড়াতেই স্থাপন করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তৎকালীন জমিদারের আপত্তির কারণে তা পরবর্তীতে স্থানান্তরিত হয়।

সরেজমিনে দেখা গেছে, এক সময়ের নজরকাড়া ও সুরম্য দালানকোঠাগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখভালের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় ইতোমধ্যে অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ট ও চুরি হয়ে গেছে।

যোগেশ চন্দ্র রায় বাহাদুরের মূল ভিটার ২২ একর জায়গা ও দুটি বিশাল দিঘী এই বংশের সর্বশেষ বংশধর ড. গুরুপদ চক্রবর্তী একটি ট্রাস্টের নামে দান করে দেন। বর্তমানে সেই ট্রাস্টের জায়গায় একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। তবে জমিদার বাড়ির মূল কাঠামো ও ঐতিহাসিক কীর্তিগুলো যেভাবে ধ্বংস হচ্ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এই প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সংস্কার ও সংরক্ষণের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগী ও এলাকাবাসী।

ইতিহাস ও ঐতিহ্য এ সম্পর্কিত আরও পড়ুন:
error: Content is protected !!