চট্টগ্রাম নগরীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ-কে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর উত্তর কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলম-এর ব্যক্তিগত আমন্ত্রণে দুপুরে তার বাসায় যান এমপি হাসনাত আবদুল্লাহ। দুপুরের খাবার শেষে বিকেলে বাসা থেকে বের হওয়ার সময় একদল যুবক সেখানে জড়ো হয়ে তাকে ঘিরে ধরে এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও স্থানীয়দের সহায়তায় তিনি নিরাপদে স্থান ত্যাগ করেন।
এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে ‘মব’ তৈরি করে এমপি হাসনাত আবদুল্লাহকে অবরুদ্ধ করার চেষ্টা করেছে, যা রাজনৈতিক শালীনতার পরিপন্থী। তবে ছাত্রদল ও যুবদলের নেতাদের দাবি, ঘটনাটি ছিল স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তাদের বক্তব্য অনুযায়ী, এমপি হাসনাত আবদুল্লাহ একটি বিতর্কিত রাজনৈতিক ব্যক্তির বাসায় যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং সেই প্রেক্ষিতেই তারা সেখানে জড়ো হয়। এ বিষয়ে এমপি হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে সাবেক মেয়র মনজুর আলম জানান, তিনি শুধুমাত্র ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং বাসার বাইরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তিনি অবগত নন।