পবিত্র ঈদুল আজহার ছুটির শুরুতেই প্রশাসনে বড় ধরনের পদোন্নতি ও পদায়ন করেছে সরকার। চারজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন দায়িত্বও দেওয়া হয়েছে।
সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলাকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়াকে একই বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রশাসনের এই রদবদলকে ঈদের ছুটির শুরুতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।