দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে নেতিবাচক মন্তব্য ও ভার্চুয়াল হয়রানির মুখোমুখি হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এতদিন এই বিষয়ে নীরবতা বজায় রাখলেও, সম্প্রতি একটি ভিডিও বার্তায় এসে নিজের অভিজ্ঞতা এবং ভার্চুয়াল জগতের সুস্থ পরিবেশের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন তিনি। একই সঙ্গে সাইবার সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়ে নিজের সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরেছেন।
ভিডিও বার্তায় প্রভা উল্লেখ করেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি এতদিন প্রকাশ্যে কথা না বললেও, একজন সচেতন নাগরিক ও নিজের দায়িত্ববোধের জায়গা থেকে এখন আর নীরব থাকা সম্ভব নয় বলেই তিনি মুখ খুলেছেন।
অনলাইনে যারা গঠনমূলক সমালোচনার বাইরে গিয়ে অন্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ বা কটূক্তি করেন, তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তাঁর মতে, যারা অন্যকে আক্রমণাত্মকভাবে বিচার করে কিংবা সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য ছড়ায়, তারা মূলত নিজেদের জীবন ও অবস্থান নিয়ে এক ধরণের নিরাপত্তাহীনতায় ভোগেন।
নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রভা বলেন, ‘আমাকে এই ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে। সমাজে অনেক সময় প্রকৃত বিষয়ের গভীরে না গিয়ে ভুক্তভোগীকেই নানাভাবে মানসিক চাপের মুখে ফেলা হয়। কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তাঁর ব্যক্তিগত তথ্য বা বিষয় প্রকাশ করা যেখানে গুরুতর নীতিবহির্ভূত কাজ, সেখানে মূল বিষয়ের দিকে নজর না দিয়ে একতরফা আলোচনা চালানো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।’
প্রভা মনে করেন, সমাজে প্রকৃত দায়িত্বশীলতা নিশ্চিত করার বদলে যখন ভুক্তভোগীদের বারবার মানসিকভাবে বিপর্যস্ত করা হয়, তখন সেই সংস্কৃতি পুরো সমাজের জন্যই ক্ষতিকর হয়ে ওঠে।
তিনি তাঁর ভিডিও বার্তায় শৈশবের মানসিক বিকাশ (Childhood Trauma), মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সঠিক প্যারেন্টিং বা পারিবারিক শিক্ষার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমকে ইতিবাচক ও সবার জন্য নিরাপদ করে তুলতে ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে প্রকৃত নেতিবাচক মানসিকতার বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান এই জনপ্রিয় অভিনেত্রী।