অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মাগুরায় দুই বিরিয়ানি প্রতিষ্ঠানে জরিমানা

মাগুরা প্রতিনিধি:
প্রকাশ: ৩২ minutes ago

মাগুরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় ও নতুন বাজার নান্দুয়ালী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি বিরিয়ানি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (১০ মে) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে হাজী বিরিয়ানি ও নান্না বিরিয়ানি প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চালানো হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, খাবারে অননুমোদিত রঙের ব্যবহার এবং ফ্রিজে অপরিচ্ছন্নভাবে খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় নান্না বিরিয়ানিকে ১০ হাজার টাকা এবং হাজী বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদেরও নকল ও ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, জেলা মার্কেটিং অফিসার মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

error: Content is protected !!