আপা’ বলায় জরিমানা, আলোচনায় ইউএনও

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ১ ঘন্টা আগে

সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে ‘আপা’ বলে সম্বোধন করাকে কেন্দ্র করে এক কর্মচারীকে জরিমানা ও চাকরিচ্যুত করার অভিযোগ ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৯ মে ঈদের পরদিন বিকেলে সাধারণ ক্রেতার বেশে তাজপুর এলাকার বনফুল অ্যান্ড কোম্পানির একটি শাখায় যান ইউএনও। সেখানে দোকানের কর্মচারী আব্দুল মান্নান তাকে ‘আপা’ বলে সম্বোধন করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় বলে অভিযোগ ওঠে।

আব্দুল মান্নানের দাবি, ঘটনার পর তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে তিনি চাকরি ফিরে পান। বর্তমানে তাকে প্রতিষ্ঠানের অন্য একটি ইউনিটে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীর অভিযোগ, জরিমানার ঘটনায় তাকে মানসিক চাপের মুখোমুখি হতে হয়েছে। তবে ইউএনওকে ‘আপা’ বলার কারণেই ব্যবস্থা নেওয়া হয়েছে—এ অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বনফুল তাজপুর শাখার ব্যবস্থাপক সুহেল বড়ুয়া বলেন, কর্মচারী বিষয়টি বুঝতে না পেরে এমন সম্বোধন করেছিলেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, কেবল কাউকে ‘আপা’ বলে সম্বোধন করার কারণে জরিমানা করার বিষয়টি তার কাছে স্বাভাবিক মনে হয় না। অন্য কোনো অনিয়মের কারণে ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

error: Content is protected !!