কৃষকদের পাশে থাকার আশ্বাস এমপি প্রিয়াঙ্কার

জান্নাতুল বাকী :
প্রকাশ: ২ ঘন্টা আগে

শেরপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শেরপুর সদর উপজেলা এলএসডি গোডাউনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

এলএসডি গোডাউনের এসএমও মো. সোহেল রানার সঞ্চালনায় এবং জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নাজমুল হক ভূঁইয়া, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, আগামী পাঁচ বছরে শেরপুরকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে কৃষকদের পাশে থেকে কাজ করা হবে। কৃষকদের উৎপাদিত ফসল ও সবজি সংরক্ষণের জন্য উন্নত প্রযুক্তির হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এছাড়া এলএসডি গোডাউনের ধারণক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট মহলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন সংসদ সদস্য।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় কৃষকদের কাছ থেকে ৭ হাজার ৭৪৩ মেট্রিক টন ধান, ২৫ হাজার ৬৯৬ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ২ হাজার ১০২ মেট্রিক টন সুগন্ধি আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

error: Content is protected !!