টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক নবজাতককে নিয়মিত টিকার পরিবর্তে ভুলবশত জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রয়োগের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিশুটির পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি, এক মাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সে সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিত থাকায় অন্য এক স্বাস্থ্য পরিদর্শক টিকা প্রদান করেন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, শিশুটিকে কুকুরের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত র্যাবিস প্রতিরোধী ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, বিষয়টি জানার পর পরিবার প্রতিবাদ করলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরিবারের সদস্যদের ভাষ্য, টিকা দেওয়ার পর শিশুটি কিছুটা নিস্তেজ হয়ে পড়ে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিশুটির স্বজনরা।
অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক নিজের ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পাশাপাশি শিশুটির শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।