সিএমপির দ্রুত অভিযানে রাজু হ ত্যা রহস্য উদ্ঘাটন

নিজস্ব প্রতিবেদক, দেশ এডিশন:
প্রকাশ: ২ ঘন্টা আগে

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর রাজু হত্যা ও এক শিশুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গত ৭ মে রাতে রৌফাবাদ শহীদ মিনার সংলগ্ন এলাকায় সশস্ত্র হামলায় মো. হাসান প্রকাশ রাজু (২৪) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই ঘটনায় রেশমি আক্তার (১২) নামে এক কিশোরী আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় নিহত রাজুর মা সকিনা বেগম বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থানার ওসির নেতৃত্বে একাধিক টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে কক্সবাজারের সুগন্ধা সৈকত এলাকা থেকে সৈয়দুল করিম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়। একই সঙ্গে হামলায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

পরবর্তীতে নগরীর ডবলমুরিং, রৌফাবাদ ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সিএনজি চালকসহ কয়েকজন সরাসরি ঘটনায় সহযোগিতা করেছেন বলে পুলিশের দাবি।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই চাঁদাবাজি, ডাকাতি, চুরি ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং আরও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

error: Content is protected !!