মির্জাপুরে ইটভাটার প্রভাবে ফসলের ক্ষতি, কৃষকদের ক্ষতিপূরণের আবেদন

আনোয়ার হোসেন (আবিদ), মির্জাপুর (টাঙ্গাইল):
প্রকাশ: ২ ঘন্টা আগে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ইটভাটার বিষাক্ত গ্যাসে বোরো ধান, আমের মুকুল ও বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট হওয়ার অভিযোগে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে প্রায় ৩০০ জন কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার কোট বহুরিয়া এলাকার ৩ থেকে ৪টি ইটভাটা থেকে হঠাৎ বিষাক্ত গ্যাস নির্গত হয়। এতে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমির ধানগাছ ঝলসে যায়। কৃষকদের দাবি, অন্তত ১৫০ বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

লিখিত অভিযোগে অংশ নেওয়া কৃষকরা মন্দিরা পাড়া, কোট বহুরিয়া, বুধির পাড়া ও ভাউড়া গ্রামের বাসিন্দা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিবেশবিধি উপেক্ষা করে পরিচালিত হয়ে আসছে। মাঝেমধ্যে অতিরিক্ত ধোঁয়া ও গ্যাস নির্গমনের কারণে ফসল ও পরিবেশের ক্ষতি হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাষ্য, হঠাৎ নির্গত বিষাক্ত গ্যাসে ধানগাছের পাতা ঝলসে যায়, গাছ কুঁকড়ে শুকিয়ে পড়ে এবং পুরো মৌসুমের ফসল নষ্ট হয়ে যায়। শুধু বোরো ধানই নয়, বিষাক্ত গ্যাসের প্রভাবে আমের মুকুল ঝরে পড়েছে এবং বিভিন্ন ধরনের সবজি ক্ষেতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে একাধিক ফসলের ক্ষতিতে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।

কৃষকরা জানান, একই মৌসুমে ধান, আম ও সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। দ্রুত ক্ষতিপূরণ না পেলে তাদের পক্ষে কৃষিকাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমান হাবীব জানান, উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা খাতুন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত কৃষি কর্মকর্তা পাঠানো হয়েছে। সরেজমিন তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় দূষণকারী ইটভাটার বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি।

error: Content is protected !!