মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্ধারিত পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ভ্যান্সের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরের কথা ছিল এবং সেখানে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক অচলাবস্থা তৈরি হওয়ায় সফরটি স্থগিত করা হয়।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তে সন্তোষজনক সাড়া না দেওয়ায় আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। ফলে নির্ধারিত বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং সিএনএন জানায়, ভ্যান্সের ইসলামাবাদ যাত্রার কথা থাকলেও তা বাতিল করে হোয়াইট হাউসে জরুরি বৈঠকে অংশ নেওয়া হয়।
মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে ভ্যান্স ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।