আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা সরকারি ছুটি থাকলেও দেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলো সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ঈদের দিন ছাড়া অন্যান্য ছুটির দিনে প্রয়োজনীয় সেবা চালু রাখতে সংশ্লিষ্ট কমিশনারদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত দীর্ঘ সরকারি ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আংশিকভাবে সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার জারি করা এক নির্দেশনায় সংস্থাটি জানিয়েছে, ঈদের দিন ছাড়া অন্যান্য ছুটির দিনে দেশের কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনগুলো সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কাস্টমস ও শুল্ক স্টেশনের কমিশনারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সম্ভাব্য ছুটিকালীন সময়ে আমদানি ও রপ্তানিসংক্রান্ত কার্যক্রম চালু রাখতে প্রয়োজন অনুযায়ী জনবল ও সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
এদিকে, চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইতোমধ্যে ২৭ মে ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশে একদিন পর ঈদ পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।