ঈদ শেষে কর্মচাঞ্চল্যে ফিরছে শিল্পাঞ্চল সাভার

মোঃ আবু তালহা, সাভার:
প্রকাশ: ১ ঘন্টা আগে


পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের লাখো শ্রমিক। এতে কয়েকদিনের বিরতির পর আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল সাভারে।

মঙ্গলবার (২ জুন) সকাল থেকেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। কারখানার প্রবেশপথে শ্রমিকদের উপস্থিতি এবং উৎপাদন কার্যক্রমের ব্যস্ততা শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফেরার ইঙ্গিত দিচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, গত দুই দিন ধরে উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী বাসগুলোতে যাত্রীদের ব্যাপক চাপ ছিল। সাভারের বাইপাইল, নবীনগর ও শ্রীপুর বাসস্ট্যান্ডে নেমেছেন হাজার হাজার কর্মজীবী মানুষ। তবে ফিরতি যাত্রায় ভোগান্তি তুলনামূলক কম ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাভারের একটি পোশাক কারখানার শ্রমিক রহিমা বেগম বলেন, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে এখন নতুন উদ্যমে কাজে ফিরেছি। দায়িত্ব পালন করেই জীবনের পথ এগিয়ে নিতে হবে।

শ্রমিকদের নিরাপদ প্রত্যাবর্তন এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার করেছে। পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রাফিক সদস্যও মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, শ্রমিকদের কর্মস্থলে ফেরা এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হওয়ার মধ্য দিয়ে সাভার শিল্পাঞ্চল আবারও তার চিরচেনা কর্মব্যস্ত রূপে ফিরে এসেছে।

error: Content is protected !!