এখনই শপথ নিতে পারছেন না আসলাম ও সারোয়ার

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ১ ঘন্টা আগে

বিএনপি দলীয় প্রার্থী আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল প্রকাশ এবং সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণের অনুমতি চেয়ে করা পৃথক আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নথিভুক্ত হয়েছে। একই সঙ্গে বিষয়টির পূর্ণাঙ্গ শুনানির জন্য আগামী ৯ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে আপাতত সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারছেন না এই দুই প্রার্থী।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে অংশ নেন আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন সারোয়ার আলমগীর। তবে ঋণখেলাপি সংক্রান্ত অভিযোগের কারণে তাদের নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, এর আগে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট পক্ষ আদালতের শরণাপন্ন হলে বিষয়টি আপিল বিভাগে গড়ায়। পরবর্তীতে আদালত তার প্রার্থিতা বহাল রাখলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশে স্থগিতাদেশ দেন।

নির্বাচনে অংশ নিয়ে দুই প্রার্থীই নিজ নিজ আসনে উল্লেখযোগ্য ভোট পান বলে জানা গেছে। তবে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের ফলাফল ও শপথের বিষয়টি অনিশ্চিত থাকছে।

error: Content is protected !!