নরসিংদীতে এক ব্যতিক্রমী রাজনৈতিক ঘটনা ঘটেছে—একই পরিবারের স্বামী ও স্ত্রী দু’জনই জাতীয় সংসদের সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। বিষয়টি ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন ও উচ্ছ্বাস দেখা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন খায়রুল কবির খোকন। এর ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হয়েছেন তার স্ত্রী সেলিনা সুলতানা।
দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি যে তালিকা চূড়ান্ত করেছে, তাতে সেলিনা সুলতানার নাম অন্তর্ভুক্ত রয়েছে। সোমবার (২০ এপ্রিল) দলটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা জানান, খায়রুল কবির খোকন ও সেলিনা সুলতানা অতীতে বিভিন্ন রাজনৈতিক চাপে পড়েছিলেন এবং একাধিক মামলার মুখোমুখি হন। এমনকি একপর্যায়ে তাদের কারাবরণও করতে হয়েছে। সেই প্রেক্ষাপট থেকে উঠে এসে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়াকে তারা বড় অর্জন হিসেবে দেখছেন।
জেলার নেতাকর্মীদের প্রত্যাশা, এই দম্পতি তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নরসিংদীর উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।