
একটি সালিশ বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার ফেসবুকের পাতায় পাল্টাপাল্টি পোস্টে বাকযুদ্ধে জড়িয়েছেন সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা এবং রাজনৈতিক নেতা রাশেদ খাঁন। গত কয়েকদিন ধরে তাদের এই পারস্পরিক বক্তব্য ও সমালোচনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নেটদুনিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাশেদ খাঁনের একটি ফেসবুক পোস্টের জবাবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাল্টা একটি পোস্ট দিয়েছেন সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা। গতকাল রোববার (২১ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি রাশেদ খাঁনের পূর্ববর্তী মন্তব্যের কড়া সমালোচনা করেন।
এমপি হানজালা তাঁর পোস্টে কিছুটা ব্যঙ্গাত্মক সুরে লেখেন, ‘রাশেদ খাঁন আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকব বাঘের সাথে— বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না! আর রাশেদ খাঁনকে রেখে আসবো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর (মহিষ) পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে! চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ— গরুটা (মহিষ) যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।’
এর আগে গত শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমপি হানজালার একটি কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে একটি দীর্ঘ পোস্ট দিয়েছিলেন রাশেদ খাঁন। সেখানে তিনি লেখেন, ‘এমপি হানজালারে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে!’
পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে আরও যোগ করেন, ‘আজকে একজন বিএনপি নেতার সাথে তাঁর যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে, এসব লোকজন কীভাবে এমপি হলো?’
প্রসঙ্গত, এই ফেসবুক বাকযুদ্ধের সূত্রপাত হয় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি ভিডিওকে কেন্দ্র করে। একটি স্থানীয় সালিশ বৈঠকের ওই ভিডিওতে দেখা যায়, আলোচনার একপর্যায়ে সংসদ সদস্য হানজালা অত্যন্ত উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে উচ্চৈঃস্বরে কথা বলছেন।
সেখানে তাঁকে টেবিল চাপড়ে বলতে শোনা যায়, ‘কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন? ওই মিয়া চুপ করেন… চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিব।’ এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই দুই নেতার মধ্যে এই প্রকাশ্য সমালোচনার ঝড় শুরু হয়, যা বর্তমানে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।